পুলিশের তৈরি ফাঁদেই ধরা পড়ে ডেভিড ইমন

দীর্ঘদিন ধরে পুলিশের তৈরি করা ছকেই ধরা পড়েছে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন। তবে এখনও ধরাছোঁয়ার বাইরে তার গডফাদার সাজ্জাদ হোসেন এবং অন্যতম সহযোগী রায়হান। সাজ্জাদ দেশের বাইরে অবস্থান করলেও রায়হান দেশের ভেতরে নজরদারিতে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।

ছোট সাজ্জাদ গ্রেপ্তারের পর বিদেশে বসে চট্টগ্রামের অপরাধ জগতে ছড়ি ঘোড়ায় বড় সাজ্জাদ। তারই সেকেন্ড ইন কমান্ড ছিল ডেভিড ইমন। পুলিশ জানিয়েছে, ডেভিড ইমনের বিরুদ্ধে ৭টি হত্যা মামলাসহ ১৩টি মামলা রয়েছে। 

যশোর থেকে ডেভিড ইমনকে গ্রেপ্তারের পেছনে দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারি ছিল বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার এড়িয়ে ভারতে পালানোর জন্য নিজের চুল ও দাড়ির স্টাইল পরিবর্তন করেন ডেভিড ইমন। 

চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, ‘ডেভিড ইমনের অন্যতম সহযোগী রায়হান চলতি সপ্তাহেই অল্পের জন্য পুলিশের হাতে ধরা পড়েনি। তবে ইমনকে জিজ্ঞাসাবাদের পর তাদের গ্যাং সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।’

২০২৫ সালের জানুয়ারিতে বায়েজিদ থানার দস্যুতা মামলায় কক্সবাজার থেকে গ্রেপ্তার হয়েছিলেন ডেভিড ইমন। তবে গ্রেপ্তারের মাত্র ২২ দিনের মাথায় জামিনে মুক্তি পান ইমন।