পঞ্চম দিনের অবরোধে সাজেকে নিত্যপণ্য ও জরুরি ওষুধের সংকট

তিন দফা দাবিতে সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের পঞ্চম দিন চলছে। অবরোধের কারণে টানা পাঁচদিন ধরে বন্ধ রয়েছে পর্যটন কেন্দ্রটি। সাজেক সড়কে সব ধরনের যানবাহন চলাচলও সম্পূর্ণ বন্ধ রয়েছে। 

ফলে সাজেক পর্যটন কেন্দ্র ও আশপাশের এলাকায় নিত্যপ্রয়োজনীয় খাবার এবং প্রয়োজনীয় ও জরুরি ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। অবরোধের কারণে পর্যটকদের ভ্রমণ বন্ধ থাকায় সাজেকের পর্যটন শিল্প এবং পরিবহন খাতে প্রতিদিন কোটি টাকার আর্থিক ক্ষতি হচ্ছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

সাজেকে চলমান স্থবিরতা কাটিয়ে শান্তি ফিরিয়ে আনতে বাঘাইছড়িতে মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে। এতে খাগড়াছড়ি ও রাঙামাটির সংসদ সদস্য এবং জেলা প্রশাসকদের অংশ নেওয়ার কথা রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা এবং হেডম্যান-কারবারিরাও সভায় থাকবেন বলে জানা গেছে।