চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবের জেদ্দা থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ১ কেজি ৪৮২ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে শুল্ক বিভাগ। আজ রোববার সকাল ১১টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ ফ্লাইট থেকে এসব স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।
এ ঘটনায় মোহাম্মদ শরীফ নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণালঙ্কারের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৮৪ লাখ ৭০ হাজার টাকা।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল জানান, বিমানবন্দরের ব্যাগেজ বেল্ট এলাকায় শরীফের সন্দেহজনক গতিবিধি নজরে এলে গোয়েন্দা সংস্থা ও কাস্টমসের সদস্যরা তাকে তল্লাশি করেন। এ সময় তার হ্যান্ডব্যাগ ও পরনের জামা থেকে ১ হাজার ৪৮২ গ্রাম ওজনের স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। অভিযানে ডিজিএফআই, এনএসআইসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং বিমানবন্দর কাস্টমসের সদস্যরা যুক্ত ছিলেন।
ইব্রাহীম খলিল আরও জানান, আটক শরীফ একটি হজ কাফেলার কর্মী। উদ্ধার করা স্বর্ণের চালানের পরিমাণ নির্ধারণের পর তা বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। শরীফের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


