নেত্রকোণায়  জুয়ার আসর থেকে দুই ইউপি সদস্যসহ আটক ৬

নেত্রকোণার কেন্দুয়ায় জুয়ার আসর থেকে দুই ইউপি সদস্যসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ১০ হাজার টাকা জব্দ করা হয়। 

বুধবার ভোরে উপজেলার গন্ডা বাজারে জুয়া খেলারত অবস্থায় তাদের আটক করা হয়। পরে দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

আটকরা হলেন, গন্ডা এলাকার  হাফিজুর রহমান ওরফে খোকন ও খুররম মিয়া, মনকান্দা গ্রামের চান্দু মিয়া ও আলী ওসমান, বীরমহুরী গ্রামের সোহাগ এবং মরিচপুর গ্রামের মজিবুর রহমান। 

এদের মধ্যে হাফিজুর রহমান ওরফে খোকন গণ্ডা ইউনিয়ন পরিষদের (ইউপি) তিন নম্বর ওয়ার্ড সদস্য ও  আলী ওসমান একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য বলে জানা গেছে।

পুলিশ জানায়, উপজেলার গণ্ডা বাজারে একটি দোকানে জুয়া খেলা হচ্ছে, এমন গোপন খবরে থানার উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলমের নেতৃত্বে একটি দল বুধবার ভোরে সেখানে অভিযান চালায়। এসময় জুয়া খেলার সময় হাতেনাতে ওই ছয়জনকে আটক করা হয়। অভিযানে তাস ও ১০ হাজার টাকা জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। 

ইউপি সদস্যদের আটকের বিষয়ে গন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ শহিদুল ইসলাম কল্যাণ বলেন, ‘মাদক ও জুয়া নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। তবে আমার জানামতে, ইউপি সদস্যরা এসব অনৈতিক কাজের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা নয়। তারপরও যেহেতু তারা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছেন, এখন আইন অনুযায়ী যা হওয়ার, তাই হবে।’

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ ঘটনায় জুয়া আইনে মামলা দিয়ে আজ দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।’