নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় ফুটবল টুর্নামেন্টে খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আগমুহূর্তে মাঠে চেয়ার নিয়ে মারামারি ও হাতাহাতি হয়ছে। শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার নদোনা মাঠে মোটরসাইকেল কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় এ মারামারি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
চেয়ার নিয়ে মারামারি, হাতাহাতির সময় মুঠোফোনে ধারন করা কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, শুক্রবার বিকেলে নদোনা মাঠে হুন্ডা, ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় কুমিল্লার লাঙ্গলকোট খোকন একাডেমি ১-০ গোলে সোইমুড়ীর দক্ষিণ শাকতলা এস এস তরুণ সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
সন্ধ্যার দিকে খেলা শেষে পুরস্কার বিবরণ অনুষ্ঠানের আগমুহূর্তে পরাজিত দলের সমর্থকরা রেফারিকে শারীরিকভাবে হেনস্তা করেন। এর এক পর্যায়ে বিজয়ী দল ও পরাজিত দলের সমর্থকদের চেয়ার নিয়ে মারামারি, হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা হয়।
এ সময় পুরস্কার বিতরণ অনুষ্ঠান মঞ্চ থেকে মাইকে দুপক্ষের সমর্থকদের শান্ত হওয়ার জন্য বারবার আহবান জানোনো হলেও তারা কিছুতেই থামছিল না। পরে হৈ–হট্টগোলের মধ্যেই পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষ করা হয়।
দুই দলের খেলোয়াড় সমর্থকদের উদ্দেশ্যে সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘জয়-জরাজয় খেলার অংশ। খোলায় জিতলে বিজয় উদযাপনের পাশপাশি, পরাজিত হলে তা মেনে নেওয়ার মতো মানসিকতা থাকতে হবে সবার মধ্যে।’
ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন আরও বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার খেলাধুলার উন্নয়নে কাজ করে যাচ্ছে।’
এ সময় নিজ এলাকায় প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ করার পরিকল্পনার কথা জানান এমপি।
মাঠে নিয়ে চেয়ার মারামারি ও হাতিাহাতির বিষয়ে সোইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, ‘খেলা শেষে দুপক্ষ হাতাহাতি ও চেয়ার নিয়ে মারামারি করে। তবে, এতে কেউ আহত হয়নি। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি শান্ত হয়ে যায়। এ ঘটনায় কেউ থানায় অভিযোগ দেয়নি।’