খাগড়াছড়ির রামগড়ে সীমান্তে অংথেপ্রু মারমা (৬৬) নামের এক সাবেক বিজিবি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
অংথেপ্রু মারমা রামগড়ের সীমান্তবর্তী ফেনীরকূল এলাকার বাসিন্দা ও বিজিবি সাবেক সদস্য বলে জানা গেছে।
স্থানীয় লোকজন ও স্বজনেরা জানান, অংথেপ্রু মারমা শুক্রবার বেলা ২টার দিকে গরুর ঘাস সংগ্রহ করতে বাড়ি থেকে বের হন। রাত সাড়ে ৯টায়ও তিনি বাড়ি না ফেরার কারণে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা।
তাঁর ছেলে থৈ অংগ্য মারমা বলেন, সম্ভাব্য সব জায়গায় খোঁজ করে সন্ধান না পাওয়ার পর রাত ১০টার দিকে খবরটি স্থানীয় বিওপির বিজিবিকে জানানো হয়। পরে বিজিবিও তাঁর খোঁজখবর নিতে শুরু করে।
থৈঅংগ্য জানান, শনিবার ভোর বেলা থেকে পুনরায় তারা গ্রামবাসিসহ নিখোঁজ বাবার সন্ধান শুরু করেন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ফেনীরকূল এলাকায় সীমান্তবর্তী ফেনীনদীর পাড়ে ঘাসের বস্তাটি দেখতে পান তারা। পরে আশেপাশে খুঁজতে গিয়ে নদীর পানিতে ডুবন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
তিনি আরও বলেন, ‘বাবার কপালে জখমের চিহ্ন আছে এবং তখনও রক্তক্ষরণ হচ্ছিল।’
এদিকে মরদেহের সন্ধান পাওয়ার খবর পেয়ে বিজিবি ও পুলিশ ২২১৪/১৮ এস বিডি নম্বর সীমানা পিলার এলাকার ঘটনাস্থলে দ্রুত যায়। এর আগেই স্বজনেরা নিজেরাই নদীর ওপার থেকে মরদেহ উদ্ধার করে এপারে নিয়ে আসেন। পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরির পর সকাল ১০টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় আনে।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম বলেন, নিহত অংথেইপ্রু মারমার কপাল ও নাকের ওপর জখমের চিহ্ন আছে। কীভাবে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পর নিশ্চিতভাবে বলা যাবে।
ওসি আরও বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানোর এবং আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলছে।