চাঁদপুরে অগ্নিকাণ্ডে ঘুমন্ত শিশুর মৃত্যু

চাঁদপুরের হাজীগঞ্জে বসতঘরে অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় মো. আনাছ হোসেন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বোন মরিয়ম আক্তার গুরুতর দগ্ধ হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার বিকেলে হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের আতিক মেম্বার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আনাছ ও দগ্ধ মরিয়ম মো. নাজির আহম্মেদের সন্তান।

পারিবারিক সূত্রে জানা যায়, রোববার বিকেলে নাজির আহম্মেদ ও তার ভাই নেছার আহম্মেদের বসতঘরে আগুন লাগে। ঘটনার সময় শিশুরা ঘুমিয়ে ছিল। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ঘটনাস্থলেই আনাছের মৃত্যু হয়। গুরুতর দগ্ধ অবস্থায় মরিয়মকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আগুনে নাজির আহম্মেদ ও নেছার আহম্মেদের দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার খবর পেয়ে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইবনে জায়েদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।