ফেনীর আড়াইশ শয্যা জেনারেল হাসপাতালে চোরের উপদ্রবে নিরাপত্তা উদ্বেগে রোগী ও স্বজনরা। এর মাঝে সাবস্টেশন থেকে ট্রান্সফরমার ও জেনারেটরের যন্ত্রাংশ চুরির ঘটনাও ঘটেছে। অভিযোগ উঠেছে, প্রায়ই ছোটোখাটো চুরির ঘটনা ঘটলেও উদাসীন কর্তৃপক্ষ। যদিও নিরাপত্তা জোরদারে নানা উদ্যোগ নেওয়ার কথা বলছে কর্তৃপক্ষ।
ফেনী জেনারেল হাসপাতালে প্রায়ই রোগী ও স্বজনদের নানা জিনিসপত্র চুরির নানা ঘটনা ঘটছে। এর মাঝে সাবস্টেশন থেকে গত ২৬ অক্টোবর চুরি হয় ট্রান্সফরমার ও জেনারেটরের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ।
এ ঘটনার পর নিরাপত্তা নিয়ে উদ্বেগে রোগী ও স্বজনরা। এসব ঘটনায় হাসপাতাল সংশ্লিষ্টদের সম্পৃক্ততা থাকতে পারে বলেও সন্দেহ তাদের।
ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক মো. জালাল হোসেন বলেন, ‘চুরির ঘটনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিভিন্ন স্থানে সিসিটিভি ক্যামেরা বসিয়ে নজরদারির আওতায় আনা হচ্ছে পুরো হাসপাতাল। পাশাপাশি দায়িত্ব দেওয়া হয়েছে ১০ জন আনসার সদস্যকে।’
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, ‘চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।’
ফেনী সদর হাসপাতালে প্রতিদিন চিকিৎসা নিতে আসেন অন্তত দুই হাজার রোগী।


