দায়িত্বে অবহেলার দায়ে প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তা অপসারণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব অবহেলার কারণে শরীয়তপুর-২ আসনের একটি কেন্দ্রের এক প্রিসাইডিং কর্মকর্তা ও এক পোলিং কর্মকর্তাকে অপসারণ করা হয়েছে। 

রোববার দুপুর ১টার দিকে এ আসনের চরভাগা আক্কাছ আলী হাওলাদার বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ৭৯ নং কেন্দ্রে এ ঘটনা ঘটে। তারা হলেন, পোলিং অফিসার হাসিনা আক্তার ও প্রিসাইডিং অফিসার মুহা. আব্দুস সামাদ নূরী।

জেলা রির্টানিং কর্মকর্তা সূত্র জানায়, চরভাগা আক্কাছ আলী হাওলাদার বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। কেন্দ্রের পোলিং অফিসার হাসিনা আক্তার বয়োবৃদ্ধ ভোটারদের ব্যালট পেপার ভাজ করে বক্সে ফেলতে সহায়তা করেন। 

স্থানীয় ভোটাররা সহকারী রির্টানিং কর্মকর্তা মো. রাজিবুল ইসলামের কাছে অভিযোগ করলে তিনি ঘটনার সত্যতা পেয়ে দুপুর ১টার দিকে পোলিং অফিসার হাসিনা আক্তার ও প্রিজাইডিং অফিসার মুহা. আব্দুস সামাদ নূরীকে অপসারণ করেন। 

পরে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মো. মনিরুজ্জামানকে প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব দেয়া হয়। তবে ভোটগ্রহণ অব্যাহত আছে। কেন্দ্রটিতে ভোটার সংখ্যা ৩ হাজার ৫৯০ জন।

চরভাগা আক্কাছ আলী হাওলাদার বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ৭৯নং কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা বলেন, 'কেন্দ্রের পোলিং অফিসার হাসিনা আক্তার বয়োবৃদ্ধ ভোটারদের ব্যালট পেপার ভাজ করে বক্সে ফেলতে সহায়তা করার কারনে প্রিসাইডিং ও একজন হাসিনা আক্তারকে দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে'। 

জেলা রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ নিজাম উদ্দিন আহাম্মেদ বলেন, সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটাররা তাদের ভোট দিচ্ছেন। ভোটার উপস্থিতি সন্তোষজনক ছিল। তবে শরীয়তপুর -২ আসনের ৭৯নং কেন্দ্রে দায়িত্বে অবহেলাকারী প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাকে অপসারণ করা হয়েছে।