গাজীপুরে গ্যাস সিলিন্ডার থেকে আগুন, তদন্ত কমিটি গঠন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে সৃষ্ট আগুনে ৩৬ জন অগ্নিদগ্ধের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে বুধবার পৌনে ৬টার দিকে গাজীপুরের কালিয়াকৈরের তেলিরচালা এলাকায় শফিকুল ইসলাম খানের বাড়িতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনে ৩৬ জন দগ্ধ হন। তাঁদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার পর আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক আবুল ফাতে মো. সফিকুল ইসলাম ও পুলিশ সুপার কাজী সফিকুল আলম।

এ সময় জেলা প্রশাসক আবুল ফাতে মো. সফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘গ্যাস সিলিন্ডারের ব্যবহারের বিষয়ে পরিপূর্ণ জ্ঞান না থাকায় এবং গ্যাস সিলিন্ডারটি কোনো ত্রুটিযুক্ত ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক হুমায়ুন কবীরকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কর্ম দিবসে কমিটি তাদের রিপোর্ট দিতে বলা হয়েছে। এ ছাড়া বিক্রয় কেন্দ্র পরিদর্শন করে তাদের মান ঠিক মতো আছে কিনা এ বিষয়ে পুঙ্খানুভাবে দেখা হবে। যদি কোনো ব্যত্যয় থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ঘটনার তদন্ত নিয়ে পুলিশ সুপার কাজী সফিকুল আলম বলেন, ‘গ্যাস সিলিন্ডার বিক্রির ক্ষেত্রে ডিলারশিপ আইনগতভাবে ঠিক আছে কিনা তা দেখা হচ্ছে। এ ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে সেজন্য গণসচেতনতা দরকার।’

পুলিশ সুপার বলেন, ‘মানুষের মধ্যে গ্যাস ও বিদ্যুৎ নিয়ে সচেতনতা অনেক কম। ডিলার যারা গ্যাস সিলিন্ডার বিক্রি করেন, লিক হলে কী করণীয় গ্রাহক পর্যায়ে তারা যেন বলে দেন। গতকালের অগ্নিকাণ্ডে কারও অবহেলা আছে কীনা তা খতিয়ে দেখা হচ্ছে। অবহেলা থাকলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’