কোটা আন্দোলনকারীদের এক দফার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরে আওয়ামী লীগের গণজমায়েত ও বিক্ষোভ মিছিল হয়েছে। আজ রোববার সকাল ১১ টার দিকে চান্দনা চৌরাস্তায় মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়েছে।
সকালে বারবৈকা এলাকায় অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে নামার চেষ্টা করেন। এসময় মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে তাঁদের ধাওয়া করে। পরে স্থানীয় শাপলা ম্যানশনের সামনে গণজমায়েত অনুষ্ঠিত হয়।
এছাড়া শ্রীপুর, কালিয়াকৈরে বিক্ষিপ্তভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সড়কে নামলেও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। দুই দলের কর্মসূচিকে ঘিরে বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সতর্ক অবস্থানে রয়েছে র্যাব, বিজিবি সদস্যরা। সন্দেহভাজনদের তল্লাশি করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলন ও আওয়ামী লীগের অবস্থান কর্মসূচি ঘিরে গাজীপুরে সাধারণ মানুষের ভেতর উদ্বেগ, উৎকণ্ঠা দেখা গেছে। সকাল থেকে ঢাকা টাঙ্গাইল ও ময়মনসিংহ মহাসড়কে গাড়ির সংখ্যা কম রয়েছে। বাস, মিনিবাস সীমিত থাকলেও প্রচুর সংখ্যক রিকশা-অটোরিকশা চলাচল করছে। তবে বিভিন্ন প্রয়োজনে দোকান পাটসহ রাস্তায় মানুষের উপস্থিতি রয়েছে। পোশাক কারখানাসহ আর্থিক প্রতিষ্ঠান খোলা রয়েছে।
গতকাল শ্রীপুরের মাওনা চৌরাস্তায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও পুলিশের সাথে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় পুলিশের গাড়িতে আগুন, পুলিশ বক্স ভাংচুর ও অগ্নিসংযোগ ও হাইওয়ে থানায় হামলা করে দুর্বৃত্তরা। সেখানে জাকির হোসেন নামে এক ব্যবসায়ী মারা যান।