বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ কর্মসূচিতে গাজীপুরে পুলিশ বক্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই সঙ্গে বেশ কিছু স্থাপনায় হামলা ও আগুন ধরিয়ে দেওয়া হয়।
আজ রোববার দুপুরে এসব ঘটনা ঘটে। পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তবে বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে আছেন আন্দোলনকারীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে আন্দোলনকারী শিক্ষার্থীরা কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় অবস্থান নেন। এক পর্যায়ে তারা ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় লাঠিসোঁটা নিয়ে পুলিশ বক্সে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
পরে আন্দোলনকারীরা কালিয়াকৈর থানায় হামলার চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের টিয়ার শেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়।
এ ছাড়া শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় অবস্থান নিয়েছেন বিক্ষোভকারীরা।