কারাগারে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী রমিজ উদ্দিন আহমেদ রুপ হত্যা নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে কারাগারে পাঠানো হয়েছে। 

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন সাত দিনের রিমান্ড শেষে তাঁকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার পরিদর্শক মো. সোহেল রানা। সাধন চন্দ্র মজুমদারের পক্ষে আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানো আদেশ দেন।

গত ৩ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। পরদিন  ৪ অক্টোবর তাঁর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 

গত ৪ আগস্ট বিকেল ৩টার দিকে কারওয়ান বাজার মেট্রোরেল স্টেশনের সামনে কোটা সংস্কার আন্দোলনের সময় গুলিবিদ্ধ হন রমিজ (২৪)। পরে তাঁকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ৭ সেপ্টেম্বর নিহতের বাবা এ কে এম রকিবুল আহমেদ বাদী হয়ে তেজগাঁও থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দীপু মনিসহ ২২২ জনের বিরুদ্ধে মামলা করেন।