গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে রিম্পা (২১) নামের বন্দি পালিয়ে গেছেন। এ ঘটনায় কারাগারের কারারক্ষীসহ সাতজন কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। আজ শনিবার সকালে সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি) মো. জান্নাতুল ফরহাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
বরখাস্ত কর্মকর্তা ও কর্মচারীরা হলেন, মেট্রন লায়লা আনজুমান সুমি, মেট্রন মেরিনা, মেট্রন রেহেনা এবং মহিলা কারারক্ষী শায়লা, শারমিন, জেমি ও আসমা।
এর আগে বৃহস্পতিবার রিম্পা নামের এক নারী বন্দি কারাগারের দেয়াল টপকে পালিয়ে যায়। ঘটনার পরপরই কারা কর্তৃপক্ষ পুরো কারাগারে তল্লাশি চালালেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে নিশ্চিত হওয়া যায় যে তিনি কারাগার থেকে পালিয়ে গেছেন।
পালিয়ে যাওয়া আসামি রিম্পা মেহেরপুর জেলার গাংনী থানার রায়পুর এলাকার বাসিন্দা। ঢাকার ধানমন্ডি থানার ভ্রাম্যমাণ আদালতে তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে তিনি কারাগারে বন্দি ছিলেন।
এ ঘটনায় শুক্রবার বিকেলে কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয় বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন।
এআইজি মো. জান্নাতুল ফরহাদ বলেন, দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় রিপোর্টের ভিত্তিতে ৭ জনকে বরখাস্ত করা হয়েছে।



