রাজবাড়ীর বালিয়াকান্দিতে মিলাদের মিষ্টি খেয়ে ১২ জন মুসল্লি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
গতকাল শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার বহরপুর পশ্চিমপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।
অসুস্থরা হলেন দেলোয়ার হোসেন, মাহিম,মুস্তাফিজুর, মোরসালিন, সোহান, রিমন, শিহাব, আরিফ, মিন্টু, মিনার, মোজাম ও সাইদুল ইসলাম সোহান। অসুস্থ সবাই বহরপুর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।
রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি রোগী ও তাদের স্বজনরা জানায়, শুক্রবার রাতে শবে বরাতের নামাজ শেষে বহরপুর পশ্চিমপাড়া জামে মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ওই মিলাদ মাহফিলে মিষ্টি খাওয়ার পরপরই ১২ জন মুসল্লি অসুস্থ হয়ে পড়ে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
রাজবাড়ী সদর হাসপাতালের তত্বাবধায়ক শেখ মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, ‘খাদ্যে বিষক্রিয়ার কারণে ১২ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে চারজন বেশি অসুস্থ হওয়ায় তাঁদের ফরিদপুরে রেফার্ড করা হয়। বাকিরা রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন। তাঁরা আশঙ্কামুক্ত।’