ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের অবরোধের মধ্যে সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাস ভাঙচুর করা হয়েছে। বৃহস্পতিবার অবরোধ চলাকালীন এ ঘটনা ঘটে।
এদিকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে অধ্যাদেশ জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো অবরোধ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। ‘সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলন’-এর ব্যানারে দুপুর ১টা থেকে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন তারা।
শিক্ষার্থীরা জানান, অবিলম্বের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে আগামী সোমবার সাইন্সল্যাবে বিরাট গনজমায়েতের আয়োজন করা হবে এবং সেখান থেকে পরবর্তী কার্যক্রম সম্পর্কে তাৎক্ষণিক ঘোষনা দেওয়া হবে।
এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা সরকারকে হুঁশিয়ারি দিয়ে জানান, দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তারা জানান, বৃহস্পতিবারের উপদেষ্টা পরিষদের সভা থেকে ইতিবাচক কোনো সিদ্ধান্ত না এলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সায়েন্সল্যাবের পাশাপাশি রাজধানীর তাঁতীবাজার ও টেকনিক্যাল মোড়েও অবরোধের খবর পাওয়া গেছে। সড়কে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা নানা স্লোগান দিচ্ছেন। দীর্ঘ সময় সড়ক বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ওই এলাকা দিয়ে যাতায়াতকারী সাধারণ মানুষ।
এর আগে বুধবার সন্ধ্যায় এক ব্রিফিংয়ে সরকার সাত কলেজের বিষয়ে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত না জানানোয় বৃহস্পতিবার রাজধানীর তিনটি পয়েন্টে ব্লকেড কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।
বৈষম্যবিরোধী ছাত্রনেতা ও ঢাকা কলেজের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী নাঈম হাওলাদার জানান, রাজধানীর সায়েন্সল্যাব, তাঁতীবাজার ও টেকনিক্যাল মোড় অবরোধ করা হবে। তিনি বলেন, “সাবেক সরকার সাত কলেজকে অধিভুক্ত করেছিল, যা ছিল একটি হঠকারী সিদ্ধান্ত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই যৌক্তিক আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করছে।”
ব্রিফিংয়ে শিক্ষার্থীরা বলেন, “সাত কলেজকে একটি বিশ্ববিদ্যালয়ে রূপ দিতে আমরা ধারাবাহিকভাবে আন্দোলন করে যাচ্ছি। আমরা দ্রুত অধ্যাদেশ জারি চাই। আমরা জনদুর্ভোগ সৃষ্টি করতে চাই না, কিন্তু দাবি আদায়ে আমাদের রাস্তায় নামতে হয়েছে।”
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে বুধবারও রাজধানীর সায়েন্সল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড় অবরোধ করেছিলেন শিক্ষার্থীরা। এতে ওইসব এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং নগরবাসী ব্যাপক ভোগান্তিতে পড়েন। এ ছাড়া তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের ফার্মগেট মোড় অবরোধের কারণেও যান চলাচল স্থবির হয়ে পড়ে।