জ্বালানি নিয়ে চলমান সংকটের মাঝেই বাড়তি দামে কিনতে হচ্ছে তেল। এতে দুর্ভোগ আরও বেড়েছে যানবাহন মালিক ও চালকদের। এ ছাড়া পেট্রোল পাম্পগুলোতেও ভিড় কমেনি। পরিস্থিতি আছে আগের মতোই।
আজ রোববার সকাল থেকে রাজধানীর বেশ কয়েকটি পাম্প ঘুরে এমন চিত্র দেখা গেছে। যানবাহনের দীর্ঘ সারিতে ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকেও। পাশাপাশি, তেলের দাম বৃদ্ধিতে গণপরিবহনে ভাড়া বাড়ার শঙ্কায় যাত্রীরা।
বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে দেশে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ায় সরকার। শনিবার মধ্যরাত থেকেই কার্যকর হয় অকটেন, ডিজেলসহ চার ধরনের জ্বালানির দাম। প্রতি লিটার ডিজেলে ১৫ টাকা, কেরোসিনে ১৮, পেট্রোলে ১৯ এবং অকটেনে ২০ টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে।
গণপরিবহনে এখন পর্যন্ত আগের ভাড়া বহাল থাকলেও, তেলের দাম বাড়ানোয় বাস ও পণ্যবাহী ট্রাকের ভাড়ায় প্রভাব পড়ার শঙ্কা দেখা দিয়েছে।
খোঁজ নিয়ে দেখা গেছে, বাড়তি দামেই তেল কিনতে সকাল থেকেই রাজধানীসহ সারা দেশের ফিলিং স্টেশনগুলোতে রয়েছে যানবাহনের দীর্ঘ লাইন।