যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির গ্রামের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মাদারীপুরের জেলা প্রশাসক (ডিসি) মর্জিনা আক্তার এবং সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব। এ সময় মেয়ের মরদেহ উদ্ধার করে দেশে ফেরত আনার দাবি জানিয়েছেন বৃষ্টির বাবা জহির উদ্দিন।
আজ সোমবার দুপুরে তারা মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুর এলাকায় বৃষ্টির বাড়িতে যান। সেখানে বৃষ্টির স্বজনদের সঙ্গে কথা বলে পরিবারের খোঁজখবর নেন এবং প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় বৃষ্টির চাচা দানিয়াল আকন, হেদায়েত আকন, মো. ওবায়দুর আকন, খোয়াজপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান, ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাদল ব্যাপারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বৃষ্টির বাবা জহির উদ্দিন আকন ঢাকায় অবস্থান করায় জেলা প্রশাসক মর্জিনা আক্তার তাঁর সঙ্গে ফোনকলে কথা বলে সমবেদনা জানান এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন।
পরে জেলা প্রশাসক মর্জিনা আক্তার সাংবাদিকদের বলেন, ‘যুক্তরাষ্ট্রে নৃশংসভাবে হত্যার শিকার বৃষ্টির ঘটনাটি আমাদের সবার জন্য অত্যন্ত বেদনাদায়ক। বৃষ্টি আমাদেরই সন্তান। তাঁর এমন মৃত্যু গোটা সমাজকে ব্যথিত করেছে। পরিবারটির পাশে আছি–এই বার্তা দিতে আমরা তার গ্রামের বাড়িতে এসেছি। বৃষ্টির ব্যবহৃত ব্যক্তিগত জিনিসপত্র যেন তার পরিবার ফেরত পায়, সে বিষয়টিও প্রশাসন গুরুত্ব দিয়ে দেখছে। কারণ, এসব স্মৃতিই পরিবারের কাছে শেষ অবলম্বন হয়ে থাকবে।’
পরে বৃষ্টির বাবা জহির উদ্দিন আকন ফোনকলে বলেন, ‘আমেরিকার পুলিশ এখনও আমার মেয়ের মরদেহ উদ্ধার করার কোনো খবর আমাদের দিতে পারেনি। আমি চাই, আমার মেয়ের মরদেহ আমেরিকা পুলিশ উদ্ধার করে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করুক। আর আমার মেয়ের ব্যবহৃত জিনিসপত্রগুলো যেন ফেরত দেয়, যা আমাদের বেঁচে থাকার স্মৃতি হিসেবে রেখে দিতে চাই। সরকার ও প্রশাসনের কাছে শুধু এই অনুরোধ আমার।’
গত ১৬ এপ্রিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে নিখোঁজ হন বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি। লিমনকে সর্বশেষ তার আবাসিক অ্যাপার্টমেন্টে দেখা যায়। আর বৃষ্টিকে এক ঘণ্টা পর ক্যাম্পাসের একটি বিজ্ঞান ভবনে শেষবার দেখা যায়। ১৭ এপ্রিল (শুক্রবার) এক পারিবারিক বন্ধু তাদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে বিষয়টি বিশ্ববিদ্যালয় পুলিশকে জানান। এরপরই শুরু হয় অনুসন্ধান অভিযান।
এর ২৪ এপ্রিল স্থানীয় সময় শুক্রবার ফ্লোরিডার ট্যাম্পা শহরের হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে লিমনের মরদেহ উদ্ধার করা হয়। এরপর ২৬ এপ্রিল ফ্লোরিডায় হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের নিকটবর্তী জলাশয় থেকে মানবদেহের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হিশাম আবুঘারবিয়েহ নামের লিমনের এক রুমমেটকে আটক করেছে দেশটির স্থানীয় পুলিশ।