আমেরিকার ফ্লোরিডায় হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের নিকটবর্তী জলাশয় থেকে মানবদেহের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহম্মেদ লিমনের মরদেহ উদ্ধারের স্থান থেকেই নতুন এই দেহাবশেষ উদ্ধার করা হয়।
সোমবার ফক্স থারটিন নিউজ এক প্রতিবেদনে জানায়, ফ্লোরিডার পিনেলাস কাউন্টি— হিলসবোরো কাউন্টি শেরিফের অফিস ও পিনেলাস কাউন্টি শেরিফের অফিসের সহায়তায় দেহাবশেষ উদ্ধার করে।
গত শুক্রবার লিমনের মরদেহ উদ্ধার করা হয়। তদন্তকারীরা এখনও নাহিদা বৃষ্টির খোঁজ চালিয়ে যাচ্ছেন।
বর্তমানে দেহাবশেষটি পিনেলাস কাউন্টি মেডিক্যাল এক্সামিনারের দপ্তরের হেফাজতে রয়েছে। এখন পর্যন্ত অবশিষ্টাংশটির কোনো নিশ্চিত পরিচয় নির্ধারণ করা যায়নি।
হিলসবোরো কাউন্টি শেরিফের অফিসের তথ্য অনুযায়ী, এটি একটি চলমান তদন্ত। নতুন তথ্য পাওয়া গেলে হিলসবোরো কাউন্টি শেরিফের অফিস (এইচসিএসও) পাবলিক অ্যাফেয়ার্স অফিস তা জানাবে।
স্থানীয় সময় শুক্রবার ফ্লোরিডার ট্যাম্পা শহরের হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় হিশাম আবুঘারবিয়েহ নামের লিমনের এক রুমমেটকে আটক করেছে দেশটির স্থানীয় পুলিশ। একই ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি।
নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টিও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে নিশ্চিত করেছেন তার ভাই জাহিদ হাসান প্রান্ত। শনিবার এক ফেসবুক পোস্টে প্রান্ত তার বোনের মৃত্যুর খবরটি নিশ্চিত করে একটি পোস্ট দেন।
মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানায়, ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার ওই দুই বাংলাদেশি শিক্ষার্থী পিএইচডি করছিলেন। একই কক্ষে তাদের খুন করা হয় বলে ধারণা করা হচ্ছে।



