তিনদিনেও শেষ হয়নি টাঙ্গাইল-ভূঞাপুর-তারাকান্দি সড়কের ধসে পড়া অংশের কাজ। যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে চলাচলকারীদের। আর বাঁধ ভেঙে যাওয়ার শঙ্কায় মালামাল সরিয়ে নিচ্ছে সড়কের পাশের বাসিন্দারা।
যমুনার তীব্র স্রোতে টাঙ্গাইল-ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক সড়কের অন্তত ৭০ মিটার বাঁধ ধ্বসে গেছে। যে কোনো সময় পুরো সড়ক ভেঙে লোকালয়ে পানি ঢোকার শঙ্কা স্থানীয়দের। আতঙ্কে এখন প্রয়োজনীয় মালামাল সরিয়ে নিতে ব্যস্ত টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সাখারিয়ার গ্রামের মানুষের।
স্থানীয়রা বলছেন, দ্রুত মেরামত করা না গেলে পুরো বাঁধ ভেঙে ব্যাপক ক্ষয় ক্ষতির শঙ্কা রয়েছে। তাই যতটা সম্ভব মালামাল সরিয়ে নিচ্ছেন তারা।
ধ্বসের কারণে সড়কটিতে তিন দিন ধরে যান চলাচল বন্ধ রয়েছে। যাত্রীবাহী বাস, পণ্য পরিবহন, অ্যাম্বুলেন্সসহ সব ধরনের যানবাহনকে চলতে হচ্ছে বিকল্প পথে। এতে অতিরিক্ত পথ ঘুরে গন্তব্যে পৌঁছাতে সময় নষ্ট হওয়ার পাশাপাশি বেড়েছে পরিবহন ব্যয় ও ভোগান্তি।
ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলে প্রতিরোধের চেষ্টা করে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড।
টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী রবিউল আওয়াল বলেন, ‘আশা করি আগামী দুই দিনের মধ্যে কাজ শেষ হবে।’
বন্যার ক্ষতি থেকে রক্ষায় এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।