গাজীপুর সিটি করপোরেশনের ডেগেরচালা এলাকায় মেট্রিক্স গার্মেন্টস নামের একটি কারখানার ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের সোয়া তিন ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আজ শনিবার পৌণে ৩টার দিকে ফকির মার্কেটের মেট্রিক্স গার্মেন্টস ভবনের গুদামে এ আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডেগের চালায় মেট্রিক্স গার্মেন্টসের ৭তলা ভবনের ৩য় তলায় গুদামে আগুন লাগে। মুহুর্তে আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ভোগড়া মডার্ন ফায়ার স্টেশনের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। পরে ঢাকা ও আশেপাশের আরও ৭টি ইউনিটসহ মোট ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এসময় কারখানা ভবনে কাচ ও দেয়াল ভেঙে ভেতরে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চলে। একপর্যায়ে তাদের সম্মিলিত প্রচেষ্টায় সোয়া তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কারখানার গুদামে রাখা বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে।
কারখানার শ্রমিকেরা জানান, দুপুরে কাজ করার সময় আগুনের ধোঁয়া দেখতে পান তারা। এসময় অনেকেই দৌড়ে ছাদে চলে যান, অন্যরা হুড়োহুড়ি করে নিচে নেমে আসেন। এসময় শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ছাদ থেকে শ্রমিকদের নামিয়ে আনেন।
ঢাকা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক সালেহ উদ্দিন আহমেদ বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ করে। এছাড়া তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ছাদ থেকে ৬৯ জন শ্রমিককে উদ্ধার করতে সক্ষম হয়।
তিনি আরও বলেন, শুরুতে আগুন নেভাতে গিয়ে পানির কিছুটা স্বল্পতা ছিল। পরে আশেপাশের ভবন ও পানিবাহী গাড়ি দিয়ে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চলে। একপর্যায়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট সোয়া তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।