প্রায় তিন দশক ধরে অচল রাজশাহী নগরীর আধুনিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা। ট্রাফিক পুলিশের হাতের ইশারাতেই চলছে যান চলাচল নিয়ন্ত্রণ। ফলে বাড়ছে যানজট, ভোগান্তিতে নগরবাসী। ট্রাফিক বিভাগ বলছে, বিষয়টি সিটি কর্পোরেশনকে জানানো হয়েছে। দ্রুত সমাধানে কাজ চলছে বলে জানিয়েছে নগর কর্তৃপক্ষ।
ট্রাফিক পুলিশের হাত উঠলেই থামে যানবাহন; আর হাত নামলেই আবার চলতে শুরু করে গাড়ি। পরিচ্ছন্ন নগরী বলে খ্যাত রাজশাহীতে বছরের পর বছর আধুনিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা অচল থাকায়, এখনো এভাবেই নিয়ন্ত্রিত হচ্ছে যান চলাচল।
নগরীতে জনসংখ্যার সাথে পাল্লা দিয়ে বাড়ছে যানবাহনের সংখ্যা। সেই তুলনায় আধুনিকায়ন হয়নি ট্রাফিক ব্যবস্থা। ফলে রাজশাহী শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে লেগেই থাকছে যানজট।
আরএমপি উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. নূর আলম সিদ্দিকী বলেন, ‘সড়কে শৃঙ্খলা ফেরাতে আধুনিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালুর ওপর জোর দিয়ে কাজ করছে আরএমপি ট্রাফিক বিভাগ।’
রাজশাহী সিটি কর্পোরেশন প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, ‘শিগগিরই সমস্যার সমাধান হবে।’
১৯৯৪ থেকে ২০০৮ সালের মধ্যে রাজশাহী নগরীর গুরুত্বপূর্ণ ২১টি পয়েন্টে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল বাতি স্থাপন করে সিটি কর্পোরেশন। তবে এর দুই বছরের মধ্যে সেগুলো অকেজো হয়ে পড়ে। আর সচল করা হয়নি।


