ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভে যোগ দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা। আজ রোববার সকাল থেকে মিরপুরসহ বিভিন্ন এলাকায় এ বিক্ষোভ চলছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ছাত্রলীগের ওই নেতার নাম সাজবুল ইসলাম। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তাঁর ফেসবুকেও একই পরিচয় দেওয়া রয়েছে।
আজ সকাল থেকে নিজের ফেসবুকে আন্দোলনের একাধিক ছবি পোস্ট করে সাজবুল এতে অংশ নেওয়ার কথা লিখেছেন। এ ছাড়া তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিয়েও পোস্ট দিয়েছেন। একটি পোস্টে তিনি লিখেছেন, ‘আমি নিজেও একজন শ্রমিক’।
সাজবুলের ছাত্রলীগের পরিচয় এবং তার শ্রমিকদের বিক্ষোভে অংশ নেওয়ার বিষয়ে তথ্য দেওয়া হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাধিক ফেসবুক পেজ ও গ্রুপের পোস্টে। জবিয়ান নামের একটি পেজের এক পোস্টে জানানো হয়, শ্রমিক আন্দোলনে নের্তৃত্ব দেওয়া নিষিদ্ধ জবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজবুল ইসলাম জানিয়েছেন, তিনি এখন গার্মেন্টস শ্রমিক হিসেবে কাজ করছেন।
এসব ব্যাপারে কথা বলতে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। মেসেনজারে বার্তা পাঠালেও তার উত্তর মেলেনি।