ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আবারও বিক্ষোভ করেছেন সাভার আশুলিয়ার পোশাককর্মীরা। আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় এ বিক্ষোভ শুরু হয়। শ্রমিকদের আন্দোলনের মুখে ওই এলাকার কয়েকটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
পুলিশ জানায়, সকালে শিল্পাঞ্চলের অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকেরা স্বাভাবিক নিয়মে কাজে যোগ দেন। তবে নরসিংহপুর এলাকার তিনটি কারখানার শ্রমিকেরা ভেতরে অবস্থান নিয়ে কর্মবিরতি শুরু করেন।
পরে সকাল সাড়ে ১১টার দিকে নিট এশিয়াসহ কয়েকটি কারখানার বিক্ষুব্ধ শ্রমিকেরা টঙ্গী-আশুলিয়া-ডিইপিজেড সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এ সময় তাঁরা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে স্লোগান দেন।
একপর্যায়ে আন্দোলনরত শ্রমিকেরা আশপাশের অন্যান্য কারখানার সামনেও বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি বিবেচনায় (হামীম গ্রুপ, শারমীন গ্রুপ ও নিউএজ) সহ কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।


