শ্রমিক অসন্তোষের জেরে সাভার উপজেলার শিল্পাঞ্চল আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ছয়টি পোশাক কারখানা। এছাড়া নিরাপত্তার স্বার্থে আরও ১১টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শ্রমিক অসন্তোষের কারণে নিউএইজ গ্রুপের দুটি এবং অরুনিমা গ্রুপের তিনটি কারখানাসহ মোট ছয়টি কারখানা বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
আজ বৃহস্পতিবার সকালে প্রায় সব কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিলেও একটি কারখানার শ্রমিকেরা কাজে যোগদান না করায় সেখানে প্রথমে সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে পরিস্থিতি বিবেচনায় পর্যায়ক্রমে আরও ১০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
এদিকে, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানার সামনে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। একটি কারখানার সামনে অবস্থান নেওয়া শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয় বর্ডার গার্ড বাংলাদেশ।
এছাড়া সাধারণ ছুটি হওয়া কারখানার কয়েকজন শ্রমিক কারখানার সামনে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়।