গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধাসহ দুজন নিহত হয়েছে। আজ বুধবার ভোররাতে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার ঘোনাপাড়া ও সকালে বিজয়পাশা এলাকায় এসব দুর্ঘটনা হয়।
নিহতরা হলেন– মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের খসপুর গ্রামের কচির সরদারের ছেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল সত্তার সরদার (৮৫) এবং গোপালগঞ্জ সদর উপজেলার সুলতানশাহী গ্রামের আকমান খন্দকারের ছেলে ওবায়দুর খন্দকার (৩৫)।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মুনতাসির মাহমুদ জানান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল সত্তার সরদার একটি পিকআপে করে মালামাল নিয়ে ছেলের বাসা মোংলায় যাচ্ছিলেন। ভোররাতে পিকআপটি ঘোনাপাড়া এলাকার চক্ষু হাসপাতালের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা আরেকটি পিকআপের পেছনে ধাক্কা দেন। এতে পিকআপের ভেতরে থাকা আব্দুল সত্তার গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি) এস এম মুনতাসির মাহমুদ আরও জানান, একই মহাসড়কের বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দ্রুতগতির একটি ট্রাকের চাপায় পথচারী ওবায়দুর খন্দকার ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।


