বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে আবারও শ্রমিক বিক্ষোভ দেখা দিয়েছে। দাবি আদায়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেছে তারা। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকেরা।
আজ বৃহস্পতিবার সকালে মৌচাক এলাকায় বেশ কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে এ আন্দোলন শুরু করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার বেশ কয়েকটি কারখানার শ্রমিকেরা সকালে কারখানায় যোগ না দিয়ে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে কারখানা ছুটি দিলে শ্রমিকেরা মহাসড়ক অবস্থান নেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি বিবেচনায় মৌচাক ও আশপাশের অধিকাংশ কারখানা ছুটি দেওয়া হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়েছেন। এতে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
টানা শ্রমিকদের আন্দোলনের পর মজুরি বোর্ডের আশ্বাসে গেল ৮ ও ৯ নভেম্বর শিল্পাঞ্চলের পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে আসে। শ্রমিকেরা পুনরায় কাজে ফিরলেও ১০ নভেম্বর আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে গাজীপুরের নাওজোর, কোনাবাড়ী, কাশিমপুর ও রাজেন্দ্রপুর এলাকায় শ্রমিকরা কর্মবিরতি ও রাস্তায় নামার চেষ্টা করলে কর্তৃপক্ষ অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৮টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে।


