ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের নানা উদ্যোগের পরও অসচেতনতার কারণে বাড়ছে রোগী। জরিপে বিভিন্ন বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে ৬০ থেকে ৭০ শতাংশ লার্ভা পাওয়ার কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম।
বিশেষজ্ঞরা বলছেন, চলতি মাস তো বটেই, ডিসেম্বরেও থাকবে ডেঙ্গুর প্রকোপ।
বৃহস্পতিবার সকালে নগর ভবনে, ডেঙ্গু প্রতিরোধ ও ভেক্টর নিয়ন্ত্রণবিষয়ক এই বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
বক্তারা বলেন, এডিস মশা বৃদ্ধির জন্য বেশিরভাগ দায় নিতে হবে নগরবাসীকে। প্রয়োজনে কঠোর আইন প্রয়োগেরও পরামর্শ দেন তারা।
সেমিনারে কীটতত্ত্ববিদ ডা. কবিরুল বাশার বলেন, এবার ডিসেম্বর পর্যন্ত থাকতে পারে প্রকোপ। সিটি করপোরেশন তাদের কার্যক্ষমতা না বাড়ালে আগামী বছরের ফেব্রুয়ারি ও মার্চে কিউলেক্স মশার উৎপাতও বাড়বে কয়েকগুণ।
কীটতত্ত্ববিদ ড. কবিরুল বাশার বলেন, ‘বিনয়ের সাথে বলছি, আপনারা ফগিং থেকে সরে আসেন। এতে নগরবাসী কিছুদিন হয়তো আপনাদের ওপর রাগ হবে। কিন্তু পৃথিবীবাসী ফগিং এখন করে না। ফগিং আসলে স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। আমাদের উপকারী পতঙ্গগুলোকে নষ্ট করে। প্রজাপতি নষ্ট করে। ফগিং থেকে সরে আসেন। অনেক টাকা আসবে। ওই টাকাটা আপনি লার্ভিসাইডিংয়ে খরচ করেন।’
ডিএসসিসি প্রশাসক দাবি করেন, সিটি করপোরেশন ডেঙ্গু নিয়ন্ত্রণের চেষ্টায় কোন ঘাটতি রাখছে না। তবে জনগণ সম্পৃক্ত না হলে ফলাফল কখনোই ভালো হবে না।
ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম বলেন, ‘যেসমস্ত জায়গাতে আমরা জরিপ করেছি, ৬০ থেকে ৭০ ভাগ বাড়িতে দেখা গেছে যে ডেঙ্গুর লার্ভা রয়েছে। আমরা যদি আরেকটু সচেতন হই। দায়িত্বপূর্ণ হই তাহলে কিন্তু এই ডেঙ্গুর হাত থেকে আমরা দেশবাসীকে রক্ষা করতে পারি। এজন্য আমি সবসময় বলি যে, ৫০ ভাগ দায়িত্ব সিটি কর্পোরেশনের, আর ৫০ ভাগ দায়িত্ব জনগণের।’
এসময়, ধানমন্ডির মতো অভিজাত এলাকায়ও, জরিপে এডিস মশার লার্ভা পাওয়ার কথা তুলে ধরেন প্রশাসক।