নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন আজ

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৯তম জন্মদিন আজ। এ উপলক্ষে গাজীপুরের নুহাশ পল্লীতে নানা আয়োজন করা হয়েছে।

হুমায়ূন আহমেদ ছিলেন একাধারে ঔপন্যাসিক, ছোটগল্পকার, গীতিকার, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা। বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় কথাসাহিত্যিক হিসেবে বাংলা সাহিত্যে অসামান্য অবদান রাখেন তিনি। 

১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন হুমায়ূন আহমেদ। দীর্ঘ সাহিত্যজীবনে তিনি অসংখ্য জনপ্রিয় উপন্যাস, গল্প ও নাটক রচনা করেছেন। তাঁর সৃষ্ট হিমু, মিসির আলী ও শুভ্র চরিত্র পাঠকদের কাছে বিশেষ জনপ্রিয়তা পেয়েছে। 

হুমায়ূন আহমেদ সাহিত্যের পাশাপাশি চলচ্চিত্র নির্মাণেও রেখেছেন স্বতন্ত্র প্রতিভার স্বাক্ষর। ‘এইসব দিনরাত্রি’, ‘বহুব্রীহি’, ‘অয়োময়’, ‘কোথাও কেউ নেই’ ও ‘নক্ষত্রের রাত’-এর মতো কালজয়ী ধারাবাহিক নাটক নির্মিত হয়েছে তাঁর গল্পেই। 

ক্যানসার আক্রান্ত হয়ে ২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মৃত্যুবরণ করেন হুমায়ূন আহমেদ।