গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ২ ঘণ্টা পর যান চলাচল শুরু

গাজীপুরের কালিয়াকৈরে বেতন বাড়ানোর দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কয়েকটি শিল্প কারখানার শ্রমিকেরা। এতে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে দুই ঘণ্টা পর যান চলাচল শুরু হয়।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায়  শ্রমিকেরা বিক্ষোভ শুরু করে  মহাসড়ক অবরোধ করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে গাজীপুরের কালিয়াকৈরের পল্লী বিদ্যুতের আশপাশে কয়েকটি শিল্প কারখানার শ্রমিক কাজে যোগ না দিয়ে কারখানার ভেতর বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে তারা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকার আশপাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট তৈরি হয়। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দেয়। এতে ওই মহাসড়কে ফের যান চলাচল শুরু হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহিদুল ইসলাম জানান, শনিবার সকালে কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকায় ৬-৭টি কারখানার শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ, জেলা পুলিশ কাজ করে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দিলে দুই ঘণ্টা পর যান চলাচল শুরু হয় ৷ বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।