নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশ কনস্টেবল আনোয়ার হোসেনকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় আহত হয়েছে এএসআই আবদুস সাত্তার। গতকাল রোববার রাত ১০টার দিকে হাশেমবাগ এলাকায় এঘটনায় ঘটে।
আনোয়ার হোসেন শহরের শীতলক্ষ্যা ফাঁড়ির গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।
পুলিশের এই কর্মকর্তা জানান, গতকাল রাতে এএসআই আবদুস সাত্তার ও কনস্টেবল আনোয়ার হোসেন সাদা পোশাকে তথ্য সংগ্রহের জন্য সদর থানা পেরিয়ে ফতুল্লা থানার সীমান্তে ঢুকে পড়ে। এসময় দুর্বৃত্তরা তাদেরকে ধাওয়া দিলে আত্মরক্ষার্থে এএসআই আবদুস সাত্তার দৌড়ে চলে যান। পরে আনোয়ারকে ধরে তাঁর শরীরের একাধিক জায়গায় ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। হত্যা সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ একাধিক টিম অভিযান পরিচালনা করেছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।