কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) অসুস্থ এক হাজতির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই হাজতির নাম মোহাম্মদ  আব্দুল্লাহ আল মামুন (২৪)। তিনি রামপুরা এলাকার মোকলেস শেখের ছেলে।

কারারক্ষী মো. আমিনুল ইসলাম জানান, আজ সকালের দিকে কেন্দ্রীয় কারাগারে হাজতি আব্দুল্লাহ আল মামুন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে দ্রুত ঢামেকে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, হাজতি মামুন কেন্দ্রীয় কারাগারে কিডনি ও ক্যান্সারজনিত রোগে ভুগছিল। তবে তিনি কোন মামলায় কারা বন্দি ছিলেন এ বিষয়ে কিছু জানাতে পারেননি। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে হাজতি আব্দুল্লাহ আল মামুনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাঁর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্তের পর কারা আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।