টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের ফের ৫ দিনের রিমান্ড

টিটন হত্যা মামলায় দ্বিতীয় দফায় আরও পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে শীর্ষ সন্ত্রাসী এস এম আসলাম ওরফে সুইডেন আসলামকে। শনিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিয়াদ হোসেন এ আদেশ দেন।

পাঁচ দিনের রিমান্ড শেষে শনিবার সুইডেন আসলামকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) মো. ইরফান খান। এ সময় তাঁকে আরও ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

আবেদনে বলা হয়, প্রথম দফার জিজ্ঞাসাবাদে সুইডেন আসলাম বিভিন্ন সময়ে অসংগতিপূর্ণ বক্তব্য দিয়েছেন। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের অবস্থান সম্পর্কেও সন্তোষজনক তথ্য দিতে পারেননি তিনি। জিজ্ঞাসাবাদে পাওয়া একটি মোবাইল নম্বরসহ বিভিন্ন তথ্য যাচাই করা হচ্ছে। বসিলা গরুর হাটের ইজারার শিডিউল নিয়ে বিরোধের বিষয়টিও তদন্তে গুরুত্ব পাচ্ছে।

হত্যার পরিকল্পনা, ইন্ধনদাতা, অস্ত্রের উৎস এবং জড়িত অন্যদের শনাক্ত করতে তাঁকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে ১০ দিনের আবেদনের বিপরীতে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ২২ নভেম্বর রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে যান সুইডেন আসলাম। ইমিগ্রেশনের কার্যক্রম সম্পন্ন করার সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। পরদিন ২৩ নভেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল এ মামলায় তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৮ এপ্রিল রাত পৌনে আটটার দিকে রাজধানীর নিউমার্কেটের পশ্চিম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে বটতলায় খন্দকার নঈম আহমেদ টিটনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ২৯ এপ্রিল টিটনের বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন নিউমার্কেট থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।