যশোরের কেশবপুরে ধান খেতের পাশের ড্রেন থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা গ্রামের মাঠে ওই মরদেহ দুটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল মরদেহ উদ্ধার করে পুলিশ।
ময়নাতদন্তের জন্য আজ রোববার সকালে তাদের মরদেহ যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহতরা হলেন–কেশবপুরের মাগুরখালি গ্রামের আলেক সর্দার (৪৫) এবং তাঁর স্ত্রী মাজেদা বেগম। বিষয়টি নিশ্চিত করেছেন কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, রাতে ধানখেতের আইলের পাশের ড্রেনের সেচযন্ত্রের পানি পড়ার গর্তে ওই দুজনের অর্ধগলিত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেন। নিহত পুরুষের শরীরে গামছা জড়ানো এবং নারীর পরনে ম্যাক্সি ছিল।
ওসি হাফিজুর রহমান বলেন, পুলিশের ফরেনসিক দল যশোর থেকে আসার পর আজ সকালে মরদেহ দুটি উদ্ধার করে যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে।