ভোটের মাঠে ব্যতিক্রমী প্রচারে মাশরাফি ভক্তরা

নড়াইল-২ আসনের নৌকা প্রার্থী মাশরাফি বিন মুর্তজার হয়ে ভোটের মাঠে কাজ করছেন তার ভক্ত, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা। প্রিয় মানুষটির জন্য ব্যতিক্রমী নানা কৌশলে চালাচ্ছেন প্রচার। ভালবাসার টানে ও আগামী নির্বাচনে মাশরাফিকে জয়ী করতেই প্রচার চালানোর কথা জানিয়েছেন তারা।

ঝিনাইদহের কৃষক আশরাফুল ইসলাম। প্রিয় নেতা মাশরাফি বিন মুর্তজার জন্য নৌকার গাড়ি বানিয়ে ছুটে এসেছেন নড়াইলে, চালাচ্ছেন প্রচার।

মাশরাফির প্রচারক আশরাফুল ইসলাম বলেন, 'আমার এই নৌকাগাড়ি নিয়ে টেলিভিশনসহ ডিজিটাল প্রচারমাধ্যমে মাশরাফি বিন মুর্তজার জন্য দুইদিন প্রচার করব। সেই উদ্দেশ্য নিয়ে ঝিনাইদহ থেকে নড়াইল এসেছি। গতকাল মাশরাফির নিজ ইউনিয়ন মাইজপাড়ায় প্রচার শুরু করে যতদূর পেরেছি প্রচার করেছি।'

মাশরাফির জন্য প্রচার চালাতে ঢাকা থেকে ছুটে গিয়েছেন ফুটবল মানবখ্যাত মাসুদ রানা। ফুটবল মাথায় নিয়ে মাশরাফির জন্য ভোট চাইছেন তিনি। 

মাসুদ রানা বলেন, 'মাশরাফি ভাই সারা বিশ্বের ক্রিড়াঙ্গনে লাল সবুজের পতাকার মান উজ্জ্বল করেছেন। তাই আমি চাই, এমন একজন ক্রিড়া মনের মানুষ, আমাদের সংসদে আসুক।'

শুধু তারাই নন, মাশরাফির জন্য ক্লান্তিহীন প্রচার চালাচ্ছেন ক্রিড়া ধারাভাষ্যকার, জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড়সহ যশোর, সাতক্ষীরা ও বিভিন্ন জেলা থেকে আসা ভক্ত, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা।

নড়াইল-২ আসনে মাশরাফি ছাড়াও নির্বাচনের মাঠে আছেন বিভিন্ন দলের আরও সাত প্রার্থী।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শেষ হচ্ছে আগামীকাল শুক্রবার সকাল ৮টায়। শেষ দিনে সকাল থেকে সারা দেশে প্রচারে ব্যস্ত প্রার্থীরা। অলি-গলিতে ভোটারদের কাছে ছুটছেন তাঁরা। চাইছেন ভোট, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

ভোটের নিরাপত্তায় গত বুধবার মাঠে নামে সশস্ত্র বাহিনীর সদস্যরা। এর আগে, ২৯ ডিসেম্বর মাঠে নামেন পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্টগার্ডের সদস্যরা।