ভারত থেকে ফেরার পর বেনাপোলে আওয়ামী লীগ নেতা আটক

ভারত থেকে দেশে ফেরার সময় যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন এলাকা থেকে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মফিজুর রহমানকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যায় চেকপোস্টের প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক মফিজুর রহমান বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি একই থানার ধান্যখোলা গ্রামের আনোয়ার হোসেন বিশ্বাসের ছেলে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, মফিজুর রহমানের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় ৩ ফেব্রুয়ারি একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-৪)। দণ্ডবিধি ১৮৬০-এর আওতায় একটি গুরুতর ফৌজদারি মামলায় তাকে আটক করা হয়েছে।

এদিকে বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শাখাওয়াত হোসেন জানান, মফিজুর রহমানের নাম ইমিগ্রেশন স্টপলিস্টে ছিল না। তিনি চলতি বছরের ১২ ফেব্রুয়ারি চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন এবং সেখান থেকে ফেরার সময় তাকে আটক করা হয়।

উল্লেখ্য, ২০২৫ সালের ৪ মে রাতে যশোরের ঝিকরগাছা উপজেলার পৌর সদরের পারবাজার পাঁচপুকুর এলাকার একটি ভাড়া বাসা থেকে চেয়ারম্যান মফিজুর রহমানসহ বেনাপোল ও শার্শা উপজেলার আওয়ামী লীগ ও যুবলীগের সাত নেতাকে গ্রেপ্তার করে ঝিকরগাছা থানা পুলিশ। ওই মামলায় তিনি বর্তমানে জামিনে রয়েছেন।