চুয়াডাঙ্গা–মেহেরপুরে মৃদু তাপপ্রবাহ, গরম বাড়তে পারে আরও 

কয়েকদিন ধরেই চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বইছে মৃদু তাপপ্রবাহ। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকছে প্রখর সূর্যের তাপ। তীব্র গরমে কষ্ট পাচ্ছে মানুষ। হঠাৎ তাপমাত্রা বেড়ে যাওয়ায় বেশি দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের মানুষ। তাপমাত্রা আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

গ্রীষ্মকাল শুরু হওয়ার আগেই তীব্র গরমে হাঁসফাঁস চুয়াডাঙ্গা ও মেহেরপুরের মানুষ। প্রতিদিন সকাল ১০টা বাজতে না বাজতেই বাড়ছে তীব্রতা, যা থাকছে সন্ধ্যা পর্যন্ত। রোদের তাপের কারণে বাইরে যেতে পারছেন না মানুষ। এরই মধ্যে চুয়াডাঙ্গার তাপমাত্রার পারদ উঠেছে ৩৯ ডিগ্রির কাছাকাছি। ডাব ও তরমুজ খেয়ে তৃষ্ণা মেটাচ্ছে অনেকেই। 

মার্চের শেষ দিক থেকেই শুরু হয়েছে গরমের তীব্রতা। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মেহেরপুর-চুয়াডাঙ্গায় আরো কয়েকদিন চলতে পারে এ অবস্থা। তাপমাত্রা আরও বেড়ে গিয়ে শুরু হতে পারে তীব্র তাপপ্রবাহও। 

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক তহমিনা নাছরিন বলেন, চুয়াডাঙ্গা জেলায় গরমের তীব্রতা বাড়তে শুরু করেছে। মৌসুমের শুরুতেই মৃদু তাপপ্রবাহ বইছে। তাপমাত্রা আরও বাড়তে পারে। 

২০২৫ সালের ২৮ মার্চ চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এবছর এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।