দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে চুয়াডাঙ্গায়। জেলার সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াসে। গত ২ এপ্রিল থেকে চুয়াডাঙ্গায় টানা তাপপ্রবাহ বিরাজ করছে।
এর আগে, ২ ও ৩ এপ্রিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক তহমিনা নাছরিন জানান, গত ২ ও ৩ এপ্রিল চুয়াডাঙ্গার ওপর দিয়ে মাঝারি তাপপ্রবাহ বয়ে গেছে। এ অবস্থা আরও দুএকদিন অব্যাহত থাকতে পারে। গত ২ এপ্রিল বেলা ৩টায় ৩৮.৫ ডিগ্রি, গত ৩ এপ্রিল বেলা ৩টায় ৩৯.৭ ডিগ্রি এবং ৪ এপ্রিল বেলা ১২টায় ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
স্থানীয়রা বলছেন, হঠাৎ করে তাপমাত্রা বেড়ে যাওয়ায় অস্থির হয়ে উঠেছে মানুষ। দুপুরের দিকে শহরের রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া ও সময়ে মানুষ ঘরের বাইরে বের হচ্ছে না। মাঠে কৃষি শ্রমিকেরাও গরমের কারণে কাজ করতে পারছেন না।