দৌলতপুর সাব-রেজিস্ট্রি অফিসে টাকা ছাড়া সেবা না পাওয়ার অভিযোগ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে ঘিরে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের অভিযোগ, জমি রেজিস্ট্রি থেকে শুরু করে কোনো সেবাই পাওয়া যায় না টাকা ছাড়া। এর সঙ্গে জড়িত খোদ অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় প্রভাবশালীরা। 

কুষ্টিয়ার দৌলতপুর সাব-রেজিস্ট্রি অফিস। সেখানে ভূমি নিবন্ধনসহ নানা প্রয়োজনে প্রতিদিনই যেতে হয় সাধারণ মানুষকে। 

অভিযোগ রয়েছে, এই কার্যালয়ে সেবা পেতে পদে পদে দিতে হয় অতিরিক্ত টাকা। আর তা না দিলে মিলেনা কাঙ্খিত সেবা, পোহাতে হয় ভোগান্তি, হতে হয় হয়রানির স্বীকার। এভাবেই মানুষকে জিম্মি করে চলছে অফিসটি।

জমি রেজিস্ট্রি করতে আসা এক ব্যক্তি বলেন, ‘সাব–রেজিস্ট্রার দেরিতে আসার কারণে আমাদের ভোগান্তি পোহাতে হয় এবং সাধারণ মানুষ সঠিক সময়ে জমি রেজিস্ট্রি করতে পারে না।’ 

আরেক ভুক্তভোগী বলেন, ‘রেজিস্ট্রিতে লাগবে ৩০ হাজার টাকা, নেওয়া ৪০ হাজার টাকা। মুহুরিকে জিজ্ঞেস করলাম বেশি টাকা কেন দেব? সে বলে আমাদেরকে দলের লোক,  বিভিন্ন অফিস ও সাব–রেজিস্ট্রারকে দেওয়া লাগবে।’  

শুধু তাই নয়, সকাল থেকে অফিসের কার্যক্রম শুরুর কথা থাকলেও কর্মকর্তা-কর্মচারীরা আসেন দুপুরে। ঠিকমত বসেন না রেজিস্ট্রারও। যদিও এসব অভিযোগ মানতে নারাজ তারা। 

এ বিষয়ে দৌলতপুর উপজেলা সাব রেজিস্ট্রার  বোরহান উদ্দিন সরকার বলেন, ‘অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ নাই। যা টাকা হয়, পে–অর্ডারে নিচ্ছি। সরকারি রাজস্ব।’ 

সাব-রেজিস্ট্রি অফিসের অনিয়মের একাধিক অভিযোগ রয়েছে উল্লেখ করে তদন্ত চলার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন। 

দুদক কুষ্টিয়ার সহকারী পরিচালক বিজন কুমার রায় বলেন, ‘ফটোকপি সংগ্রহ করেছি। তাদের প্রত্যেক ক্রেতা ও বিক্রেতার সাথে কথা বলছি। রেকর্ডপত্র সংগ্রহ চলমান আছে। যেসব দলিল সংগ্রহ করা হয়েছে প্রত্যেকটির ক্রেতা–বিক্রেতার সাথে কথা বলে আমরা কমিশনে যথাযথ আইনি প্রক্রিয়ায় প্রতিবেদন কমিশনে দাখিল করব।’ 

সরকারি এমন প্রতিষ্ঠানগুলোকে জনবান্ধব করতে অসৎ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।