চুয়াডাঙ্গায় বিল পাহারাদারকে কুপিয়ে হত্যা  

চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের কামরিয়া বিলে পাহারাদার দায়িত্বে থাকা বদর উদ্দিন (৫৩) নামের একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে গহেরপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। 

নিহত বদর উদ্দিন গহেরপুর মাঝেরপাড়ার মৃত শামসুদ্দিনের ছেলে এবং ওই বিলের পাহারাদার হিসেবে কাজ করতেন।

স্থানীয় বাসিন্দা ও স্বজনদের বরাত দিয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার রাত ১০টার দিকে কামরিয়া বিল পাহারা দিতে যান বদর উদ্দিন। রাতে বিলের পাশে একটি কুঁড়েঘরে অবস্থান করছিলেন তিনি। ভোররাতের কোনো একসময় অজ্ঞাত দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে। তার মাথায় অন্তত ১২টি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

বুধবার ভোরে স্থানীয়রা মাঠে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ ও স্বজনদের খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়।  

হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে বলে জানান ওসি।