ময়মনসিংহে জমি বিরোধে কৃষককে হত্যা 

ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজের একদিন পর মো. সাম্মত আলী (৭০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ থাকার পর আজ শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার চক ঢাকিরকান্দা গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত সাম্মত আলী ওই গ্রামের মৃত আব্দুল আজিতের ছেলে। 

নিহতের ছেলে ফরহাদ জানান, বৃহস্পতিবার রাত ১১টার পর থেকে তার বাবা নিখোঁজ ছিলেন। রাতে বাড়িতে না ফেরায় স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে আজ সকাল ১০টার দিকে বাড়ির কাছের একটি ধানখেতের পাশে বাঁশঝাড়ের নিচে মাটিচাপা অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা।

খবর পেয়ে ফুলপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে প্রতিবেশী আইজুল, ইব্রাহিম ও এমদাদুলের সঙ্গে নিহতের পরিবারের প্রায় পাঁচ বছর ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরেই হত্যাকাণ্ড ঘটেছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন জানান, প্রাথমিকভাবে মরদেহে হত্যার আলামত পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। জমিসংক্রান্ত বিরোধসহ হত্যাকাণ্ডের সম্ভাব্য সব কারণ তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তদন্ত শেষে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।