ময়মনসিংহের ফুলপুর উপজেলায় নিখোঁজের পর মো. সাম্মত আলী (৭০) নামের এক কৃষককে গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে বাড়ির পাশের বাঁশঝাড়ে মাটিচাপা অবস্থায় তাঁর মরদেহ পাওয়া যায়।
নিহত সাম্মত আলী ফুলপুর উপজেলার চক ঢাকিরকান্দা গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মৃত আব্দুল আজিতের ছেলে।
কৃষকের ছেলে ফরহাদ জানান, গত বৃহস্পতিবার রাত ১১টার পর থেকে তাঁর বাবা নিখোঁজ ছিলেন। রাতে বাড়িতে না ফেরায় স্বজনেরা বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। নদী, খাল ও পুকুরসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। পরে আজ সকাল ১০টার দিকে ধানখেতের পাশে বাঁশঝাড়ের নিচে মাটিচাপা অবস্থায় মরদেহ পাওয়া যায়।
এদিকে খবর পেয়ে দুপুর ১২টার দিকে ফুলপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে প্রতিবেশী আইজুল, ইব্রাহিম ও এমদাদুলের সঙ্গে নিহতের পরিবারের দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে বিরোধ চলছিল। এ বিরোধের জেরেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে মরদেহে হত্যার আলামত পাওয়া গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। জমিসংক্রান্ত বিরোধসহ হত্যাকাণ্ডের সম্ভাব্য সব কারণ খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তদন্ত শেষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’


