জামালপুরের ইসলামপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা তিন বন্ধু নিহত হয়েছেন। রোববার সন্ধ্যা ৭টার দিকে জামালপুরের পলবান্ধা এলাকায় এ দুর্ঘটনা হয়।
নিহতরা হলো– গোয়ালেরচর ইউনিয়নের সভুকুড়া এলাকার আকবর আলীর ছেলে জিয়াউল হক (৩০), চরগোয়ালিনী ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকার আব্দুল কাদেরের ছেলে বকুল (৩০) ও রসুল মোল্লার ছেলে সোহেল (২০)।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক জিয়াউল ও বকুলকে মৃত ঘোষণা করেন। অবস্থার অবনতি হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সোহেলকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতদের একজনের চাচাতো ভাই আনোয়ার হোসেন জানান, তিনজন একে অপরের বন্ধু। মেলা দেখার উদ্দেশে তারা মোটরসাইকেলে করে দেওয়ানগঞ্জের দিকে যাচ্ছিল। পথে দুর্ঘটনার শিকার হয়।
পুলিশ জানায়, দেওয়ানগঞ্জ থেকে বেগুন বোঝাই একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। পথে পলবান্ধা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দেওয়ানগঞ্জগামী মোটরসাইকেলটিকে ট্রাকটি চাপা দেয়। দুর্ঘটনার পর ট্রাকটি সড়কে উল্টে পড়ে ছিল। তবে চালক ও তার সহযোগী পালিয়ে যায়।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’