জয়পুরহাটে পিকআপে আগুন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ১

জয়পুরহাটে পিকআপ ভ্যানে আগুন দেওয়ার অভিযোগে মাসুদ রানা (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সদর উপজেলার জামালপুর পূর্ববাজার এলাকা থেকে আজ রোববার ভোরে তাঁকে গ্রেপ্তার করা হয়।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জয়পুরহাট র‌্যাব-৫ এ তথ্য জানায়। মাসুদ রানা সদর উপজেলার পূর্ব রুকন্দিপুর গ্রামের রেজাউল করিমের ছেলে।

র‌্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শেখ সাদিক জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার জয়পুরহাট-বগুড়া বাইপাস সড়কের দাদড়া জন্তি গ্রামের বিনশীরা ব্রিজ এলাকায় কয়েকজন দুর্বৃত্ত একটি পিকআপ ভ্যানের গতিরোধ করে আগুন দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় জয়পুরহাট থানায় গত রাতেই মামলা হয়।

শেখ সাদিক বলেন, পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ভোরে পিকআপ ভ্যান পোড়ানোর মামলায় মাসুদকে গ্রেপ্তার করা হয়।

কোম্পানি অধিনায়ক বলেন, যথাযথ আইনগত ব্যবস্থা নিতে মাসুদ রানাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।