নওগাঁয় ডাম্প ট্রাক-পিকআপের সংঘর্ষে নিহত ৩ 

নওগাঁর মান্দায় ডাম্প ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। আজ মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের শ্রীরামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত নিহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।

পুলিশের ভাষ্য, রাতে শ্রমিকবাহী একটি পিকআপ রাজশাহীর দিকে যাচ্ছিলো। পথে সাবাইহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ডাম্প ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে আরও দুজনের মৃত্যু হয়।

 মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, ধারণা করা হচ্ছে, নিহত ও আহতরা পিকআপের যাত্রী ছিলেন।  খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ও দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো রাস্তা থেকে সরিয়ে নিয়েছে পুলিশ। হতাহতদের পরিচয় নিশ্চিত করার কাজ চলছে।