নওগাঁয় অবৈধভাবে ধান ও চাল মজুত রাখার অপরাধে ১৮ প্রতিষ্ঠানকে ৯ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া সিলগালা করা হয়েছে ৪টি গুদাম। গত মঙ্গলবার থেকে আজ শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত জেলার বিভিন্ন বাজারে এ সব অভিযান চালানো হয়।
সারা দেশে হঠাৎ করে বেড়েছে চালের দাম। দেশের উত্তরের খাদ্যভাণ্ডারখ্যাত নওগাঁয়ও গত দুই সপ্তাহে প্রকারভেদে চালের দাম বেড়েছে কেজিতে ৩ থেকে ৪ টাকা। এতে বিপাকে পড়েছেন দরিদ্র, মধ্যবিত্ত ও খেটেখাওয়া সাধারণ মানুষ।
এ অবস্থায় মজুতবিরোধী অভিযান শুরু করেছে ভ্রাম্যমাণ আদালত। নওগাঁয় গত মঙ্গলবার থেকে শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত অবৈধভাবে ধান ও চাল মজুত রাখার অপরাধে ১৮ প্রতিষ্ঠানকে ৯ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে ৪টি গুদাম সিলগালা করা হয়েছে।
এর ফলে কিছুটা কমতে শুরু করেছে ধান ও চালের দাম। নওগাঁয় বর্তমানে চালের দাম পাইকারি বাজারে ৫০ কেজির বস্তায় কমেছে ৫০ থেকে ৬০ টাকা। আর খুচরা বাজারে চালের দাম কমেছে কেজিতে ১ থেকে ২ টাকা। এ ছাড়া ধানের দামও প্রতিমণে কমেছে ৬০ থেকে ৭০ টাকা।
অভিযানের ব্যাপারে নওগাঁ জেলা প্রশাসক গোলাম মওলা জানান, আজ শনিবার বিকেলে শহরতলীর আনন্দনগর এলাকার আরএমরাইচ মিলে অভিযান চালিয়ে অতিরিক্ত ধান মজুত রাখায় ১ লাখ টাকা জরিমানা ও ৩টি ধানের গুদাম সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই দিন বিকেলে নওগাঁ সদর উপজেলার চুন্ডিপুরে মফিজউদ্দিন অটো রাইচ মিলে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সন্ধ্যায় শহরের বাইপাস সড়কের তছিরন অটো রাইচ মিলে মিলের ১ লাখ টাকা জরিমানা করা হয়।
গোলাম মওলা আরও জানান, গত মঙ্গলবার থেকে জেলা প্রশাসন অবৈধ মজুতদারদের বিরুদ্ধে মাঠে নেমেছে। তারা সব সময় কাজ করছেন। চালের বাজার সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে নওগাঁ জেলা চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার জানান, বর্তমানে নওগাঁসহ সারা দেশে বেশ কয়েকটি করপোরেট কোম্পানি ধান ও চালের ব্যবসায় সিন্ডিকেট করে বাজার নিয়ন্ত্রণ করছে।
ফরহাদ হোসেন চকদার আরও জানান, বাজারে ধানের আমদানি কমে যাওয়ার ফলে চালের দাম বেড়েছে। তবে দুদিন থেকে চালের দাম কেজিতে ১ থেকে ২ টাকা কমেছে।