শিক্ষার্থীকে গুলি করা সেই শিক্ষক বরখাস্ত

সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের এক শিক্ষার্থীকে গুলি করার ঘটনায় কমিউনিটি মেডিসিন বিভাগের শিক্ষক রায়হান শরীফকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্বাস্থ্য বিভাগ।

আজ বুধবার দুপুরে রাষ্ট্রপতির আদেশে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব দূর-রে শাহওয়াজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ডা. মো. রায়হান শরীফ ফৌজদারি অপরাধে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেপ্তার হওয়ায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্ত হবেন। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আমিরুল ইসলাম চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত সোমবার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. বায়জীদ খুরশীদ রিয়াজকে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করেন উপসচিব দূর-রে শাহওয়াজ।

আরও পড়ুন: শিক্ষার্থীকে গুলি করা শিক্ষকের বিরুদ্ধে মামলা, তদন্ত কমিটি গঠন

শিক্ষার্থীকে গুলি: সিরাজগঞ্জ মেডিকেল ঘুরে গেল তদন্ত কমিটি