ভোটকেন্দ্রের পাশ থেকে ৯৪ হাজার টাকাসহ ইউপি চেয়ারম্যান আটক

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে তামাই পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশ থেকে নগদ ৯৪ হাজার টাকাসহ এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

বুধবার বেলা ১২টার দিকে ভোটকেন্দ্রের পাশ থেকে ভাঙ্গাবাড়ি ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলামকে আটক করা হয়।   
বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জের গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলহাস উদ্দিন। 

ওসি বলেন, ‘বেলকুচি উপজেলা পরিষদের নির্বাচনে তামাই পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশে ভোটারদের মধ্যে নগদ টাকা বিতরণ করছিলেন এই ইউপি চেয়ারম্যান। এমন সংবাদ পেয়ে ঘটনাস্থল এসে তাঁকে টাকাসহ হাতেনাতে আটক করা হয়। এসময় তাঁর কাছ থেকে ৯৪ হাজার টাকা জব্দ করা হয়েছে।’ 

এ ব্যাপারে ওই এলাকার দায়িত্বে থাকা কামারখন্দ সার্কেলের সহকারী পুলিশ সুপার  আদনান মোস্তাফিজ বলেন, ‘ইউপি চেয়ারম্যান টাকা দিয়ে ভোটকেন্দ্র এলাকায় ভোট কেনার চেষ্টা করছিলেন এমন অভিযোগে নগদ টাকাসহ হাতেনাতে আটক করা হয়েছে। তিনি কোন প্রার্থীর হয়ে ভোট কেনার চেষ্টা করছিলেন এটা প্রাথমিকভাবে জানা যায়নি। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

প্রসঙ্গত, সারাদেশের ন্যায় আজ সিরাজগঞ্জ সদর বেলকুচি ও কাজিপুর ৩টি উপজেলায় প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ হয়েছে।

সংশ্লিষ্ট খবর: