বগুড়ায় অনুষ্ঠিত হলো শেরপুর-ধুনট কৃতি শিক্ষার্থী সম্মাননা ২০২৫

আসিফ সিরাজ রব্বানী'র সামাজিক উদ্যোগ 'সমৃদ্ধ শেরপুর-ধুনট'-এর আয়োজনে আজ বুধবার (১২ নভেম্বর) বগুড়ার ধুনটে 'শেরপুর-ধুনট কৃতি শিক্ষার্থী সম্মাননা ২০২৫' অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার মানোন্নয়ন ও তরুণ প্রজন্মের মেধা ও নেতৃত্ব বিকাশে অনুপ্রেরণা সৃষ্টির লক্ষ্যেই ধুনট সরকারি ডিগ্রি কলেজ মিলনায়তনে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। ধুনটের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে এই আয়োজন ব্যাপক সাড়া ফেলেছে।

শেরপুর-ধুনটের কৃতি সন্তান আসিফ সিরাজ রব্বানী'র উদ্যোগে এবারই প্রথম এ অঞ্চলে এই ধরণের একটি শিক্ষা সম্মাননা আয়োজন অনুষ্ঠিত হল। শেরপুর ও ধুনট উপজেলার এইচএসসি, আলিম ও কারিগরি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মোট ৩৬৮ জন কৃতি শিক্ষার্থীর মাঝে প্রথম ধাপে আজ শুধু ধুনটের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। 

খুব শিগগিরই শেরপুর উপজেলার কৃতি শিক্ষার্থীদের নিয়ে আরও বড় পরিসরে আরেকটি সম্মাননা অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দেন আয়োজক আসিফ সিরাজ রব্বানী।

শিক্ষা, মেধা ও মানবিক নেতৃত্ব বিকাশে উৎসাহ দিতে সম্মাননাস্বরূপ শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট অফ এক্সেলেন্স, ব্র্যান্ডেড মগ, ল্যাপটপ ব্যাগ ও নোটবুক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া ৫ ও ৬ আসনের সাবেক এমপি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী জনাব গোলাম মো: সিরাজ। 

তিনি বলেন, 'পিতা হিসাবে আমি গর্বিত আমার সন্তান আসিফ সিরাজ রব্বানী মানবিক কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছে।' শেরপুর ধুনটের বিভিন্ন স্তরে দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে আগামীতে ছাত্র সমাজকে সাথে নিয়ে দুর্বার সামাজিক আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন তিনি। শিক্ষার্থীদেরকে তিনি সব কিছুর আগে ভাল মানুষ হয়ে গড়ে উঠার পরামর্শ দেন।

অনুষ্ঠানে আসিফ সিরাজ রব্বানী বলেন, 'তোমরা স্বপ্ন দেখার সাহস দেখাও। তাহলে তোমরা জিতবে। আর তোমরা জিতলে, শেরপুর ধুনট জিতবে।' শেরপুর ধুনটের কোন কৃতি ছাত্রছাত্রী টাকার অভাবে উচ্চশিক্ষা থেকে  বঞ্চিত হবে না বলে ঘোষণা দিয়ে তিনি আরও বলেন, 'তাদের উচ্চশিক্ষা চালিয়ে নেবার দায়িত্ব আমার।'

অনুষ্ঠানে স্থানীয় শিক্ষাবিদ, সাংবাদিক, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।