দুদিন পর খুলল রামেবি উপাচার্যের কক্ষের তালা   

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্যকে মব করে কার্যালয় থেকে বের করে দেওয়ার দুদিন পর কক্ষের তালা ভাঙলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসময় পুলিশ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন। 

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কক্ষে প্রবেশ করে সুরতহাল করেন তদন্ত কর্মকর্তা। 

এদিকে, উপাচার্যকে জোর করে পদত্যাগপত্রে সই করানোর মামলায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এ নিয়ে ৩ জনকে গ্রেপ্তার করা হলো। 

গত মঙ্গলবার, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ে প্রবেশ করে উপাচার্যকে জোর করে পদত্যাগপত্রে সই করানো হয়। এ নিয়ে বিশ্ববিদ্যালয় কর্মকর্তা নাজমুল হাসান বাদী হয়ে অজ্ঞাত ৫০ থেকে ৬০ জনের বিরুদ্ধে রাজপাড়া থানায় মামলা করেন। 

এতে অভিযোগ করা হয়, মব সৃষ্টিকারীরা, উপাচার্যের দপ্তরের কম্পিউটার ও সিসিটিভির হার্ডডিস্ক খুলে নিয়ে যায়। উপাচার্যকে প্রাণনাশের হুমকিও দেয় তারা।